হবিগঞ্জে ভূমি বিষয়ক কুইজের পুরস্কার বিতরণ, ‘আনন্দ পাঠের আসর’ উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ পিএম
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি।
হবিগঞ্জ প্রতিনিধি: শিশু-কিশোরদের ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে হবিগঞ্জে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ‘আনন্দ পাঠের আসর’ পাঠচক্রের উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম।
ভূমি বিষয়ক কুইজে ১০ শিক্ষার্থীকে পুরস্কার
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা দিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ বুকলেট প্রণয়ন ও বিতরণ করা হয়। বুকলেটের ওপর ভিত্তি করে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভার শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা ১০ জন বিজয়ীর হাতে প্রধান অতিথি সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এ ছাড়া পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়াতে অনুষ্ঠানে অংশ নেওয়া ২৫০ জন শিক্ষার্থীকে বই ও গাছের চারা উপহার দেওয়া হয়।
‘আনন্দ পাঠের আসর’ উদ্বোধন
শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠাগারে ‘আনন্দ পাঠের আসর’ শীর্ষক পাঠচক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং সুধীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয় ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা প্রয়োজন। ‘আনন্দ পাঠের আসর’-এর মাধ্যমে তাদের সৃজনশীলতা ও মননশীলতার বিকাশ ঘটানোর উদ্যোগও প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম শিশু-কিশোরদের স্মার্ট ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, তরুণ প্রজন্মকে সহজ ভাষায় ভূমি আইন সম্পর্কে ধারণা দেওয়া এবং তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যেই জেলা প্রশাসনের এ আয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও সচেতন প্রজন্ম গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
.png)
