লাইভ
×
Logo

হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে পীরজাদা সৈয়দ গাজিউর রহমানের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৪:১৪ এএম

শায়েস্তাগঞ্জে পীরজাদা সৈয়দ গাজিউর রহমানের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

শায়েস্তাগঞ্জে পীরজাদা সৈয়দ গাজিউর রহমানের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের ঢল

মোঃ ইনজামামুল হক (নাঈম) - শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরুব্বি পীরজাদা আলহাজ্ব সৈয়দ গাজিউর রহমানের জানাজায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার সুরাবই গ্রামের সাহেব বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক মাজার শরিফে তাঁকে দাফন করা হয়।

মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর।

পীরজাদা সৈয়দ গাজিউর রহমান শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের ঐতিহ্যবাহী সাহেব বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি মুড়ারবন্দ দরবার শরিফের হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর উত্তরসূরি বংশধর হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ জীবনে তিনি জনপ্রতিনিধি ও সমাজসেবক হিসেবে এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয়ভাবে তিনি একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি ও প্রবীণ মুরুব্বি হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শায়েস্তাগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আত্মীয়স্বজন, ভক্ত-মুরিদান, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে ছুটে আসেন। এ সময় অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জানাজার আগে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা মরহুমের জীবন, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি, দেশ-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও ভক্ত-মুরিদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত