G-G0MLEE553R
লাইভ
×
Logo

হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে অসময়ের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আমন ধান, বিপাকে কৃষক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পিএম

শায়েস্তাগঞ্জে অসময়ের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আমন ধান, বিপাকে কৃষক

অসময়ের বৃষ্টিতে হেলে পড়েছে পাকা আমন ধান, বিপাকে কৃষক

মোঃ ইনজামামুল হক (নাঈম), শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আমন ধান কাটার মৌসুমে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকরা। টানা বৃষ্টিতে মাঠের পাকা ধান হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমে থাকায় ধান কাটা ও মাড়াই ব্যাহত হচ্ছে। এতে ফলন ও ধানের গুণগত মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সময়মতো সরকারি সার না পাওয়া এবং কৃষি খাতে সরকারি সহায়তা কমে যাওয়ার অভিযোগও করেছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার ব্রাহ্মণডুরা, নরপুর ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিজমিতে বৃষ্টির প্রভাব পড়েছে। বিশেষ করে ব্রাহ্মণডুরা ইউনিয়ন এবং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের বেশ কিছু জমিতে পাকা আমন ধান হেলে পড়েছে। গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে নিচু জমিতে পানি জমে যাওয়ায় ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

কৃষকদের আশঙ্কা, জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ধানের গোছা পচে যেতে পারে। অতিরিক্ত আর্দ্রতায় ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি পাকা ধান ঝরে পড়ার আশঙ্কাও রয়েছে। অনেক জমিতে এখনো ধান কাটার কাজ শেষ হয়নি। আবহাওয়া অনুকূলে না থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

আলাপুর গ্রামের কৃষক মো. রুহুল আমিন বলেন, “এবার আমন ধান চাষ করতে জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা খরচ হয়েছে। প্রয়োজনের সময় ঠিকমতো সারও পাইনি। অনেক সময় বেশি দামে সার সংগ্রহ করতে হয়েছে। এখন ধান পাকতে শুরু করায় ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ বৃষ্টিতে পাকা ধান জমিতে হেলে পড়েছে। কোথাও কোথাও জমিতে পানি জমেছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ফলনেও ক্ষতি হতে পারে। আগের মতো সরকারি সহযোগিতাও এখন পাওয়া যায় না। সব মিলিয়ে উৎপাদন খরচ তুলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।”

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমের শুরু থেকেই আমন চাষে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ উৎপাদন ব্যয় বেড়েছে। তাঁদের অভিযোগ, প্রয়োজনের সময় সরকারি সার না পাওয়ায় অনেককে বাড়তি দামে সার সংগ্রহ করতে হয়েছে। পাশাপাশি কৃষি উপকরণ ও অন্যান্য সরকারি সহায়তা আগের তুলনায় কম পাওয়ায় চাষাবাদে বাড়তি চাপ তৈরি হয়েছে। এর মধ্যে ধান কাটার মৌসুমে শ্রমিকের মজুরি বেশি থাকায় উৎপাদন খরচ আরও বেড়েছে।

কৃষকদের ভাষ্য, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে বৈরী আবহাওয়ায় ফসলের ক্ষতির আশঙ্কা—সব মিলিয়ে তাঁরা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সময়মতো ধান কাটতে না পারলে জমিতে পাকা ধান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক লোকসানের আশঙ্কাও রয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা একরাম হোসেন বলেন, “অসময়ের বৃষ্টিতে উপজেলার কিছু এলাকায় পাকা আমন ধান হেলে পড়েছে এবং নিচু জমিতে পানি জমেছে। বিশেষ করে ব্রাহ্মণডুরা ইউনিয়ন ও আলাপুর এলাকায় কৃষকদের ক্ষতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জমিতে পানি জমে থাকলে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। আবহাওয়া কিছুটা অনুকূলে এলে পাকা ধান দ্রুত কেটে নিরাপদ স্থানে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ধান কাটার পর ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হবে, যাতে অতিরিক্ত আর্দ্রতার কারণে ধানের গুণগত মান নষ্ট না হয়। ক্ষতিগ্রস্ত জমির পরিস্থিতি পর্যবেক্ষণ করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।”

স্থানীয় কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত জমি দ্রুত পরিদর্শন করে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ, প্রয়োজনীয় কৃষি পরামর্শ এবং সরকারি সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি মৌসুমে সময়মতো ন্যায্যমূল্যে সার ও অন্যান্য উপকরণ সরবরাহেরও দাবি জানিয়েছেন তাঁরা।

তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির পাশাপাশি বাড়তি উৎপাদন ব্যয়ের চাপ সামলানো কঠিন হয়ে পড়বে।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত