শায়েস্তাগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মামলা, তদন্ত করছে সিআইডি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৯:৪৫ পিএম
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন
আদালতের নির্দেশে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা
মোঃ ইনজামামুল হক (নাঈম), শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে আন্তঃনগর ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১)/২৫(ঘ) ধারায় মামলাটি করা হয়। মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার নয়টি উপজেলার মানুষের রেল যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। এ স্টেশন দিয়ে ঢাকা-সিলেট রুটে পারাবত, জয়ন্তিকা, কালনী ও উপবন এক্সপ্রেস এবং সিলেট-চট্টগ্রাম রুটে পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস চলাচল করে। প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী এ স্টেশন ব্যবহার করেন।
এজাহারে অভিযোগ করা হয়েছে, প্রতিদিন সকাল ৮টায় অনলাইনে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই অধিকাংশ টিকিট শেষ হয়ে যায়। দীর্ঘ সময় চেষ্টা করেও সাধারণ যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারেন না। বিশেষ করে টিকিট নির্বাচনের পর অর্থ পরিশোধের ধাপে ওয়েবসাইট বারবার রিফ্রেশ হওয়ায় অনেক যাত্রী টিকিট কেনার সুযোগ হারান বলে অভিযোগ রয়েছে।
অন্যদিকে, অনলাইনে টিকিট না পাওয়া গেলেও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের কাউন্টারের সামনে বিভিন্ন গন্তব্যের টিকিট বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এসব টিকিট কিনতে নির্ধারিত মূল্যের দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত অর্থ দিতে হয়। শায়েস্তাগঞ্জের কাঙ্ক্ষিত গন্তব্যের টিকিট না থাকলেও শমসেরনগর, কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল, মাইজগাঁও, সিলেট, শাহজীবাজার, নোয়াপাড়া, মনতলা ও আজমপুর স্টেশনের টিকিট সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থার কথাও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, নির্ধারিত সময়ে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিপুলসংখ্যক টিকিট শেষ হয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। আদালতের নির্দেশনার পর শ্রীমঙ্গল রেলওয়ে থানার জিডি নম্বর-১২৩, তারিখ ১৭ নভেম্বর ২০২৬-এর সূত্র ধরে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আলী জিন্নাহ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে সরেজমিন অনুসন্ধান করেন।
এ সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, যাত্রীদের বক্তব্য ও স্থানীয় তথ্য পর্যালোচনা করে টিকিট কালোবাজারির অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
রেলওয়ে পুলিশের এজাহারে আরও বলা হয়েছে, গত ১৫ অক্টোবর ২০২৬ সকাল সাড়ে ৮টা থেকে শায়েস্তাগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারের সামনে নির্ধারিত মূল্যের দ্বিগুণ ও তিন গুণ দামে টিকিট বিক্রির তথ্য যাত্রীদের কাছ থেকে পাওয়া গেছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা ভুয়া পরিচয় ব্যবহার করে অনলাইনে টিকিট সংগ্রহ এবং পরস্পর যোগসাজশে সেগুলো বেশি দামে বিক্রি করে আসছে বলেও অভিযোগ করা হয়েছে।
মামলাটি সিআইডিতে তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে টিকিট কালোবাজারির অভিযোগে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা উদ্ঘাটিত হবে বলে আশা করছেন ভুক্তভোগী যাত্রীরা।
মন্তব্য করুন
.png)
