লাইভ
×
Logo

সারাদেশ

টেকনাফে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি রামদা উদ্ধার, আটক ২

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:২৭ পিএম

টেকনাফে ১১ লাখ ইয়াবা ও পাঁচটি রামদা উদ্ধার, আটক ২

টেকনাফে ১১ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার সলিম উদ্দীনের ছেলে মো. আবছার উদ্দীন (১৯) ও মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র হ্নীলা সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে ক্যাম্পের সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে একটি বিশেষ অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

পরে সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।

অভিযানে ঘটনাস্থল থেকে ১১ লাখ পিস ইয়াবা ও দেশীয় তৈরি পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলো মাদক পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে ধারণা অভিযানসংশ্লিষ্টদের।

কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত