হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে আগুন, পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ৪:১০ এএম
মাহদি হাসান
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমার কোনো আলামত পায়নি পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুতের মিটার শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।
ফেসবুক লাইভে তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এর কিছুক্ষণ পর সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
লাইভে মাহদি হাসান বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।”
শনিবার সকালে যোগাযোগ করা হলে মাহদি হাসান জানান, আশপাশে পেট্রোল বোমার কোনো বোতল পাওয়া যায়নি। তাঁর বোন আগুন দেখে চিৎকার করলে তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় চাচার বিদ্যুতের মিটারে আগুন দেখতে পান। তাঁর দাবি, তখনও তাঁদের বাড়ির চালে দুবার ঢিল ছোড়া হয়।
এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
ওসি বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। মাহদি হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ ফুট দূরে তাঁর চাচা আনোয়ার আলীর বাড়িতে বিদ্যুৎচালিত টমটম চার্জ দেওয়া হয়। ওই বাড়ির একটি বিদ্যুতের মিটার সম্ভবত শর্ট সার্কিটের কারণে পুড়ে গেছে।
ওসি আরও বলেন, চাচার বাড়িতে আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাড়ির জানালা খুলে ফেসবুক লাইভে এসে তাঁর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন।
তবে আগুনের প্রকৃত কারণ এবং টিনের চালে বস্তু নিক্ষেপের অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্তের তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন
.png)
