২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, ঈদুল ফিতরে ৫ দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:২৭ পিএম
২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, ঈদুল ফিতরে ৫ দিন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় কার্যকর ছুটি হবে ২২ দিন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।
প্রজ্ঞাপনে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে। এসব ছুটি সরকারি, আধা সরকারি, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কার্যকর হবে।
সাধারণ ছুটি
সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা, ১০ মার্চ ঈদুল ফিতর, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি, ১ মে মে দিবস, ১৭ মে ঈদুল আজহা, ২০ মে বুদ্ধপূর্ণিমা, ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।
নির্বাহী আদেশে ছুটি
নির্বাহী আদেশে ছুটির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি শবে বরাত, ৭ মার্চ শবে কদর, ঈদুল ফিতরের আগে ৮ ও ৯ মার্চ এবং পরে ১১ ও ১২ মার্চ, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ঈদুল আজহার আগে ১৫ ও ১৬ মে এবং পরে ১৮, ১৯ ও ২০ মে, ১৬ জুন আশুরা এবং ৯ অক্টোবর মহানবমী।
ঐচ্ছিক ছুটি
মুসলিম, হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য পৃথক ঐচ্ছিক ছুটির তালিকা রয়েছে। মুসলিমদের জন্য শবে মিরাজ, ঈদের পরবর্তী দিন, আখেরি চাহার সোম্বা ও ফাতেহা-ই-ইয়াজদাহম; হিন্দুদের জন্য সরস্বতী পূজা, শিবরাত্রি, দোলযাত্রা, মহালয়া, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও শ্যামাপূজা; খ্রিষ্টানদের জন্য ইংরেজি নববর্ষ, ইস্টার ও বড়দিনের আগে-পরে ছুটি এবং বৌদ্ধদের জন্য মাঘী পূর্ণিমা, চৈত্রসংক্রান্তি, বুদ্ধপূর্ণিমা, আষাঢ়ী পূর্ণিমা, মধু পূর্ণিমা ও প্রবারণা পূর্ণিমা অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের জন্য বৈসাবি ও সংশ্লিষ্ট সামাজিক উৎসব উপলক্ষে ১২ ও ১৫ এপ্রিল ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারী নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। এ জন্য বছরের শুরুতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। সাধারণ, নির্বাহী আদেশের ও সাপ্তাহিক ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যুক্ত করেও ভোগ করা যাবে।
নিজস্ব আইন ও বিধিমালায় পরিচালিত প্রতিষ্ঠান এবং অত্যাবশ্যকীয় হিসেবে ঘোষিত সংস্থাগুলো জনস্বার্থ বিবেচনায় নিজস্ব নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করবে।
এর আগে গত ২ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন
.png)
