নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:২৭ পিএম
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭
৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য পাঠানোর নির্দেশ, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদগুলোর তালিকা যাচাই করে তথ্যের সঠিকতা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ-সংক্রান্ত চিঠি দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সরকার বিভাগের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তালিকায় সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি না, কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির হালনাগাদ তথ্য রয়েছে কি না, তা পুনরায় যাচাই করতে হবে।
এতে আরও বলা হয়েছে, যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাস কিংবা অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে সংশোধিত তথ্য নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় পাঠাতে হবে।
পাঁচ ধাপে ইউপি নির্বাচন
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি ২০২৭ প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপের তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। <span> </span>
ইসি সূত্রে জানা গেছে, দেশে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে ২০২৬ সালে ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়ন পরিষদগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
ভোটকেন্দ্র ও ভোটারসংখ্যা
ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী ভোটকেন্দ্র ৪২৫টি।
এসব কেন্দ্রে স্থায়ী ভোটকক্ষ রয়েছে ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি।
আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
মন্তব্য করুন
.png)
