দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও উৎপাদন বিঘ্নের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির সৃষ্টি হয়েছে। মাত্র ১৮ দিনে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে এ খাত। একই সময়ে বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত রপ্তানি অর্ডার।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক জরুরি জরিপের তথ্য প্রকাশ করে এসব বিষয় জানিয়েছে।
সংগঠনটির জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৩১৭টি সদস্য কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ক্রেতারা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের নিশ্চিত অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব অর্ডারের বাজারমূল্য প্রায় ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
বিজিএমইএ জানিয়েছে, উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় অধিকাংশ রপ্তানি অর্ডার এখন ঝুঁকির মধ্যে রয়েছে। অর্ডার ধরে রাখতে উদ্যোক্তাদের অতিরিক্ত ব্যয় করে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং ক্ষেত্রবিশেষে অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
সংগঠনটির মতে, চলমান অস্থিতিশীলতা তৈরি পোশাক শিল্পের উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে। এর প্রভাব পড়ছে কারখানার স্বাভাবিক কার্যক্রম, শ্রমিকদের কর্মসংস্থান এবং দেশের সামগ্রিক রপ্তানি বাণিজ্যে।
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত তৈরি পোশাক শিল্প। এ খাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম দীর্ঘ সময় ব্যাহত হলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের অবস্থানের ওপর প্রভাব পড়তে পারে।
সূত্র: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), যমুনা টেলিভিশন।