Logo
প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: ২২ নভেম্বর ২০২৬, ২:৪৫ এএম

সংবাদ শিরোনাম : চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী

চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী

চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন, পুরস্কৃত ২১ শিক্ষার্থী

আল আমিন সাঈফী 

 শিশুদের সৃজনশীল প্রতিভা ও কল্পনাশক্তির বিকাশে চুনারুঘাটে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চুনারুঘাট পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্রিয়েটিভ লার্নার্স স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রং ও তুলির মাধ্যমে তাদের সৃজনশীল চিন্তা, কল্পনা ও শিল্পপ্রতিভার বহিঃপ্রকাশ ঘটায়।

বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুদ্দীন ও প্রধান শিক্ষক কৃষ্ণপদ ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে সাতটি শ্রেণির প্রতিটি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ২১ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী, চুনারুঘাট হাজী আলীম উল্লাহ মাদ্রাসার প্রভাষক মুক্তার হোসেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য কাউছার আহমেদ রুবেল, দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান পাপন ও আব্দুল্লাহ আল মামুন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের নেতা তৌফিকুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মুন্নি ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিশুদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, চিত্রাঙ্কন, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে, তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী করে তোলে। চুনারুঘাটের শিশুদের প্রতিভা বিকাশে ক্রিয়েটিভ লার্নার্স স্কুলের এ উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।

বিদ্যালয়ের পরিচালক মোহাম্মদ নূরুদ্দীন বলেন, “আমরা চুনারুঘাটের শিশু প্রজন্মকে এমন একটি শিক্ষার পরিবেশ উপহার দিতে চাই, যেখানে তারা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং নিজেদের চিন্তা, কল্পনা, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাবে। আমাদের লক্ষ্য শিশুদের জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ করে গড়ে তোলা, যেন তারা ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও মেধা দিয়ে বিশ্ব নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই বিশেষ কোনো প্রতিভা রয়েছে। প্রয়োজন শুধু সেই প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশ ও উৎসাহ।”

প্রধান শিক্ষক কৃষ্ণপদ ভট্টাচার্য বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদের সৃজনশীল ও মননশীল মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। চিত্রাঙ্কনের মতো প্রতিযোগিতা শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা, ধৈর্য, মনোযোগ ও কল্পনাশক্তি বাড়াতে সহায়তা করে। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাক এবং আনন্দের মধ্য দিয়ে শিখে সামনে এগিয়ে যাক।”

আয়োজনকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরা বিদ্যালয়ের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের সৃজনশীল বিকাশে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF