Logo
প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: ১৬ নভেম্বর ২০২৬, ৫:৫৮ এএম

সংবাদ শিরোনাম : হবিগঞ্জে ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে রোবটিক্স ও STEM শিক্ষা কার্যক্রম

হবিগঞ্জে ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হচ্ছে রোবটিক্স ও STEM শিক্ষা কার্যক্রম

শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবিগঞ্জ জেলার ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে যাচ্ছে রোবটিক্স ও STEM শিক্ষা কার্যক্রম। এর আওতায় জেলার ৬৫টি স্কুল, ১০টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী ২ ডিসেম্বর ২০২৬ থেকে কর্মসূচিটির প্রাথমিক কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর উপজেলায় কার্যক্রমের সূচনা করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির প্রথম ধাপে ১০০ জন বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রোবটিক্স ও STEM শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ কর্মসূচি বাস্তবায়ন করছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ এবং শায়েস্তাগঞ্জ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (SSDI)। প্রশিক্ষণ সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ রোবটিক্স একাডেমি ও রোবমেন্ট বাংলাদেশ। অন্যদিকে, প্রযুক্তিগত সহযোগিতা দিচ্ছে রোবটিক্স শপ বিডি।

উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “আমাদের লক্ষ্য হলো হবিগঞ্জের শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ তৈরি করা। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নতুন প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হয়ে উঠুক। বেটার ফিউচার প্রজেক্টের মাধ্যমে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোবটিক্স ও STEM শিক্ষার একটি কার্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছি। এ উদ্যোগ সফল করতে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।”

কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের রোবটিক্স, STEM (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত), বেসিক ইলেকট্রনিক্স, Arduino প্রোগ্রামিং, সেন্সর ও মোটর কন্ট্রোল, রোবট ডেভেলপমেন্ট, ইন্টারনেট অব থিংস (IoT) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, এ কর্মসূচিতে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি কিন্ডারগার্টেনসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে। শিক্ষার্থীদের শ্রেণি ও বয়স উপযোগী কারিকুলামের মাধ্যমে প্রযুক্তি শিক্ষাকে সহজ ও বাস্তবমুখী করে তোলা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা, দলগত কাজ, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাভাবনার বিকাশ ঘটবে। একই সঙ্গে জাতীয় বিজ্ঞান মেলা, রোবটিক্স প্রতিযোগিতা ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত হওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, হবিগঞ্জের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোবটিক্স ও STEM শিক্ষা ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লব ও আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF