Logo
প্রিন্টের তারিখ: 05 November 2026 | প্রকাশের তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ পিএম

সংবাদ শিরোনাম : বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি সরকার: রিজভী

বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চীন-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক গোলটেবিল বৈঠক এবং বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন। চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিরাও অংশ নেন।

রিজভী বলেন, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর নেতৃত্বে আসা প্রতিনিধিদলকে বাংলাদেশে স্বাগত জানানো হচ্ছে। এ সফর দুই দেশের পাশাপাশি দুই রাজনৈতিক দলের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও অংশীদারত্বকে আরও গভীর করার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের যে ভিত্তি তৈরি করেছিলেন, পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তা আরও সম্প্রসারিত হয়েছে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) সঙ্গে যুক্ত দক্ষিণ এশিয়ার প্রথম দিককার দেশগুলোর একটি বাংলাদেশ উল্লেখ করে রিজভী বলেন, বিএনপি সরকার এ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন, ভারসাম্যপূর্ণ ও দূরদর্শী পররাষ্ট্রনীতি অনুসরণ করে। দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াই তাদের লক্ষ্য।

অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা

চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উৎপাদন, অবকাঠামো, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, কৃষি ও বস্ত্রসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন রিজভী।

তিনি বলেন, বাংলাদেশের এসব সম্ভাবনাময় খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সম্প্রসারণ করা প্রয়োজন। এতে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বাড়বে এবং বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে।

রিজভী আশা প্রকাশ করেন, দুই দেশের রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা আগামী দিনে আরও জোরদার হবে। বাংলাদেশ-চীন বন্ধুত্ব দীর্ঘজীবী হোক বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF