Logo
প্রিন্টের তারিখ: 05 November 2026 | প্রকাশের তারিখ: ০৫ নভেম্বর ২০২৬, ৫:৪১ পিএম

সংবাদ শিরোনাম : যুক্তরাষ্ট্রের ইলিনয় সিনেটে জয়ী ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের ইলিনয় সিনেটে জয়ী ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ২৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী রিপাবলিকান দলের ডার্বি হিলসকে পরাজিত করে অঙ্গরাজ্যের ২৬তম সিনেট ডিস্ট্রিক্টের আসনটি দখল করেছেন। নির্বাচনে নাবিলা ৫৭ শতাংশ এবং ডার্বি ৪৩ শতাংশ ভোট পেয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জয় পাওয়ার মধ্য দিয়ে ইলিনয়ের রাজ্য আইনসভায় প্রতিনিধি পরিষদ থেকে সিনেটে পদোন্নতি হলো নাবিলার। এর আগে তিনি অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্টের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জয়ের পর সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে নাবিলা বলেন, তার প্রচার দলের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলেছেন। শুধু নির্বাচনে জয়ী হওয়াই নয়, সহমর্মিতা ও মানুষের প্রতি সহানুভূতিকে গুরুত্ব দিয়ে তারা প্রচার চালিয়েছেন।

ইলিনয়ের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরতলির এই আসনের নির্বাচন অঙ্গরাজ্যের আইনসভা নির্বাচনের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হয়। ইলিনয়ভিত্তিক সংস্থা রিফর্ম ফর ইলিনয়ের নির্বাহী পরিচালক আলিসা কাপলানের তথ্য অনুযায়ী, দুই প্রার্থীর নির্বাচনী প্রচারে মোট প্রায় ৬৫ লাখ ডলারের তহবিল সংগ্রহ হয়েছিল।

এর মধ্যে নাবিলা সৈয়দের প্রচারে অন্তত ৪৭ লাখ ডলার এবং ডার্বি হিলসের প্রচারে প্রায় ১৮ লাখ ডলার এসেছিল। নাবিলার তহবিলের বড় অংশ এসেছে ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন তহবিল ও শ্রমিক সংগঠন থেকে। ইলিনয় ডেমোক্রেটিক পার্টি এবং ইলিনয় সিনেট ডেমোক্রেটিক ফান্ড থেকেও তিনি উল্লেখযোগ্য অনুদান পান।

অন্যদিকে, নাবিলার বিরোধিতায় ‘স্ট্রং ইন্ডিপেনডেন্ট লিডারশিপ কমিটি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করা হয়েছিল। কমিটির প্রতিষ্ঠাতা ভিন্স ফোগলিয়া এতে ৫ লাখ ডলার অনুদান দেন। পাশাপাশি তিনি ও তার পরিবারের সদস্যরা ডার্বি হিলসের নির্বাচনী প্রচারেও অর্থ সহায়তা করেন।

২৭ বছর বয়সী নাবিলা সৈয়দ ২০২১ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে স্নাতক সম্পন্ন করেন। ২০২২ সালে তিনি ইলিনয়ের প্রতিনিধি পরিষদের ৫১তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত হন। এরপর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন।

ইলিনয়ের আইনসভায় নির্বাচিত প্রথম দিককার মুসলিম সদস্যদের একজন নাবিলা। ২০২২ সালে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হওয়ার সময়ও তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণ মুসলিম নেতৃত্বের প্রতিনিধি হিসেবে আলোচনায় আসেন।

অন্যদিকে, ডার্বি হিলস ড্যান ম্যাককনচির পদত্যাগের পর ২০২৫ সালে ইলিনয় সিনেটের ২৬তম ডিস্ট্রিক্টের আসনে নিয়োগ পান। এর আগে তিনি সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। নির্বাচনী প্রচারে জননিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, কর কমানো ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বিষয়গুলো তুলে ধরেছিলেন তিনি।

নির্বাচনী প্রচারে নাবিলার বয়স ও অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন ডার্বি। অন্যদিকে নাবিলা প্রচারের সময় মুসলিমবিরোধী মনোভাব ও বিদ্বেষপূর্ণ আচরণের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, ভোট চাইতে গিয়ে নিজের জন্ম ও পরিচয় নিয়েও কিছু মানুষের কাছে তাকে ব্যাখ্যা দিতে হয়েছে।

নাবিলার নির্বাচনী অগ্রাধিকারের মধ্যে ছিল জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং ডেটা সেন্টার নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো। বিশেষ করে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহারের ব্যয় নিয়ে তার প্রচারে গুরুত্ব দেওয়া হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ সংবাদ ৭১ বিডি
সকল কারিগরি সহায়তায়ঃ ক্রিয়েটিভ ডিজাইন
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF