সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের প্রস্তুতিগত সমস্যায় পড়েছে পাকিস্তান ফুটবল দল। কাতারের বিমানবন্দরে দলের লাগেজ আটকে থাকায় ঢাকায় পৌঁছেও অনুশীলন করতে পারেনি তারা। ফলে কোনো অনুশীলন ছাড়াই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামতে হচ্ছে পাকিস্তানকে।
বুধবার সকালে ঢাকায় পৌঁছায় পাকিস্তান দল। বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে প্রস্তুতি নেওয়ার কথা ছিল তাদের। কিন্তু অনুশীলন শুরুর প্রায় এক ঘণ্টা আগে তা বাতিল করতে বাধ্য হয় দলটি।
কাতার থেকে খেলোয়াড়দের প্রয়োজনীয় সরঞ্জাম ও লাগেজ সময়মতো ঢাকায় না পৌঁছানোয় এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগটিও হাতছাড়া হয় পাকিস্তানের।
এদিকে, পাকিস্তান যখন লাগেজ জটিলতায় অনুশীলন করতে পারেনি, তখন বুধবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে নিজেদের নির্ধারিত প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতীয় দল।
সব মিলিয়ে ম্যাচের আগে প্রস্তুতির দিক থেকে কিছুটা পিছিয়ে থাকছে পাকিস্তান। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
গোলকিপার: শাকিব হানিফ, হাসান আলী ও ইউসুফ ইজাজ বাট।
ডিফেন্ডার: আবদুল রহমান, আবদুল্লাহ ইকবাল, আলী খান নিয়াজি, ইসাহ সুলিমান, হারিস আলী জেব, হাসিব আহমেদ খান, মামুন মুসা খান, মোহিব উল্লাহ ও ওয়াকার এহতিশাম।
মিডফিল্ডার: আদিল নবী, আলী আকবর খান, আলী উজাইর মাহমুদ, জুনায়েদ আহমেদ শাহ, মুহাম্মদ জুনায়েদ, এম হাইয়ান খাত্তাক, সৈয়দ আলী রাজা, তুফায়েল খান ও জাইনুল আবেদিন ইসহাক।
ফরোয়ার্ড: আবদুল সামাদ শাহজাদ, আলমগীর আলী খান গাজী, কলিমুল্লাহ খান, মিকেল আরুন আবদুল্লাহ, নাজিব উল্লাহ, শায়াক দোস্ত ও উমর নওয়াজ।