লাইভ
×
Logo

জাতীয়

উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পিএম

উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৬ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

সাক্ষাতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। এ ছাড়া কাউন্সিলের জন্য স্থায়ী নিজস্ব ভবন বরাদ্দ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

তিনি বলেন, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক।

এ সময় রাষ্ট্রপতি কাউন্সিলের সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতে বলেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব, সহকারী সামরিক সচিব ও একান্ত সচিবও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত