লাইভ
×
Logo

পরিবেশের কণ্ঠ

সিসাদূষণ প্রতিরোধে হবিগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ৭:২৯ এএম

সিসাদূষণ প্রতিরোধে হবিগঞ্জে র‍্যালি ও মানববন্ধন

হবিগঞ্জে সিসাদূষণ প্রতিরোধে আয়োজিত র‍্যালি ও মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি: সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে হবিগঞ্জে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ; ইউক্যান ও পিওর আর্থ বাংলাদেশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

‘সিসাদূষণ প্রতিরোধে, আমরা আছি একসাথে’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আন্তর্জাতিক সিসাদূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে দেশের আট বিভাগে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে। পিওর আর্থ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সহ-আয়োজক হিসেবে রয়েছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব, হবিগঞ্জ; ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইউক্যান ।

আয়োজকদের মতে, শিশু, তরুণ, শিক্ষক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সিসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি সিসাদূষণের উৎস শনাক্ত, প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে দূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসূচিতে মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন, “শিশুদের সিসার বিষক্রিয়া থেকে সুরক্ষিত রাখতে সিসার উৎস শনাক্ত ও দূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপদ ভোগ্যপণ্য নিশ্চিত করা, পরিবেশসম্মত ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ লক্ষ্যে পিওর আর্থ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যৌথভাবে সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) নির্দেশিকা প্রণয়নে কাজ করছে। এই নির্দেশিকা লেড-অ্যাসিড ব্যাটারির কার্যকর সংগ্রহ, ট্র্যাকিং ও পরিবেশসম্মত পুনঃপ্রক্রিয়াজাতকরণে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, হবিগঞ্জের বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যে সুতাং নদী দীর্ঘদিন ধরে দূষণের শিকার। স্থানীয়ভাবে নদীর মাছ ও নদীতীরবর্তী কৃষিজমিতে সিসাদূষণের আশঙ্কা ও উদ্বেগ রয়েছে। এ বিষয়ে যথাযথ বৈজ্ঞানিক পরীক্ষা, দূষণের উৎস শনাক্ত এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

সাংবাদিক মো. আল আমিন সাঈফী বলেন, “অপরিকল্পিত ও অনিরাপদ সিসা-অ্যাসিড ব্যাটারি পুনঃপ্রক্রিয়াজাতকরণ শুধু শ্রমিকদের নয়, আশপাশের পুরো জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবেশকে ঝুঁকির মধ্যে ফেলে।” ক্ষতিকর শিল্পপ্রক্রিয়ার বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং নীতিগত পরিবর্তনের দাবি জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, “সিসাদূষণ প্রতিরোধ করতে হলে আইনের সহায়তা নিতে হবে এবং নীতিমালার আওতায় কার্যকর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সিসার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে  ইউক্যানের হবিগঞ্জের সদস্য লাবিব ইসলাম বলেন, “স্থানীয় জনগোষ্ঠী ও তরুণদের সম্মিলিত উদ্যোগ সিসাদূষণ প্রতিরোধের কাজকে এগিয়ে নিতে পারে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সিসাদূষণের উৎস চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সবাইকে এগিয়ে আসতে হবে।”

কর্মসূচির অংশ হিসেবে র‍্যালি, মানববন্ধন, উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারাভিযান ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

মন্তব্য করুন

Logo

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।

চ্যানেল ৫ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত